আমি আমার চেয়ারে বসে থাকব, আমি সবার শেষে যাব: বুলবুল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৯:২৭
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বোর্ডে চলমান অস্থিরতা ও তদন্ত প্রতিবেদন জমা পড়ার পরও নিজের পদে বহাল থাকার ব্যাপারে দৃঢ় অবস্থান জানিয়েছেন।
গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বোর্ড নির্বাচনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে গঠিত কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। একই সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের বাড়তি চাপ, নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন, চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের অংশগ্রহণ না করা এবং বোর্ডে রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতিত্বের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর মধ্যে গত দুই দিনে চারজন পরিচালক পদত্যাগ করেছেন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ছয়জন পরিচালক সরে দাঁড়িয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল বলেন, ‘আমি আমার চেয়ারে বসে থাকব। আমি সবার শেষে যাব। আমাদের দলে অনেক ভালো, নিবেদিতপ্রাণ ও সৎ মানুষ আছেন। তাদের নিয়েই আমি দেশের ক্রিকেটের সেবা করতে চাই।’
তিনি আরও বলেন, ‘কেউই অপরিহার্য নয়। আমি একমাত্র বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় কাজ করেছি। আমি বড় কিছু দাবি করছি না, তবে অভিজ্ঞতার কারণেই এখানে আছি। সবকিছু ছেড়ে দেশের জন্য কাজ করতে এসেছি। যদি এই দায়িত্ব না থাকে, অন্য পথ খুঁজব। তবুও দেশের জন্য কাজ করে যেতে চাই।’
তদন্ত কমিটির সঙ্গে সরাসরি সাক্ষাৎ না করার বিষয়ে তিনি জানান, সময়ের অভাবে তিনি উপস্থিত হতে পারেননি এবং লিখিতভাবে নিজের বক্তব্য জমা দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি কমিটির সামনে যেতে পারিনি, কারণ একই সময়ে দুটি বৈঠকে ব্যস্ত ছিলাম। তাই লিখিতভাবে জবাব দিয়েছি। নির্বাচনে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। শুধু একটি ক্ষেত্রে আমার সম্পৃক্ততা ছিল, যা এখন তদন্তাধীন।’
এ বিষয়ে ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী জেলা ক্রীড়া সংস্থাগুলো অস্থায়ী কমিটির মাধ্যমে পরিচালিত হয় এবং সেখান থেকেই কাউন্সিলরদের নাম আসার কথা। কিন্তু যখন মাত্র তিনটি নাম আসে, তখন আমরা আবার চিঠি দিয়ে সেখান থেকেই নাম পাঠাতে বলি। এটুকুই ছিল আমার সম্পৃক্ততা।’
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ফারুক আহমেদের পরিবর্তে সরকার-সমর্থিত পরিচালক হিসেবে বোর্ডে যোগ দেন আমিনুল ইসলাম বুলবুল এবং পরে সভাপতি হন। এরপর অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে এই পদে নির্বাচিত হন তিনি।
তবে নির্বাচনের আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আমিনুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।