বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

১১ ফেব্রুয়ারি ২০২৬ – দৈনিক রাশিফল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১

গ্রাফিক্স | নিউজফ্ল্যাশ সেভেন্টিওয়ান

মেষ

আজ আপনার রাশি বলছে, আপনি খুব সাহসী। কিন্তু সাবধান! সেই সাহস দেখিয়ে আবার বসের সামনে ‘পদত্যাগপত্র’ ছুড়ে দেবেন না যেন। কারণ, পকেটে জমানো টাকা দিয়ে বড়জোর তিন দিন ফুচকা খাওয়া যাবে। সঙ্গীর সঙ্গে তর্কে যাবেন না। সে ভুল করলেও আপনিই ক্ষমা চান। কারণ, শান্তিতে ডালভাত খাওয়া ঝগড়া করে বিরিয়ানি পাওয়ার চেয়ে শ্রেয়। অফিসে নতুন কোনো আইডিয়া দেবেন না, কারণ কাজটা আপনাকেই করতে হবে।

বৃষ

আপনার গ্রহরা আজ খুব অলস। আপনিও তাই বিছানা থেকে নামতে চাইবেন না। পকেটে টান পড়তে পারে, তাই অনলাইনে শপিং করার ভূত মাথা থেকে নামান। আজ আপনার ওজনের কাঁটা ডানে সরার সম্ভাবনা ৯৯%। ব্যায়ামের ম্যাটটি আজ ধুলা ঝাড়ার কাজে ব্যবহার করুন। আজ আপনার বাড়িতে বিরিয়ানি হওয়ার সম্ভাবনা ০.১%, তবে ডালভাত নিশ্চিত।

মিথুন

একই অঙ্গে দুই রূপ! আপনার আজ দ্বৈত সত্তা জেগে উঠবে। এক মন বলবে জিমে যাই, অন্য মন বলবে ‘থাক আজ একটা বার্গার খেয়ে নিই’। কাউকে প্রেমপত্র পাঠানোর আগে নামটা ঠিকঠাক দেখে নিন, ভুল করে আবার ফ্যামিলি গ্রুপ চ্যাটে পাঠিয়ে দেবেন না! সামাজিক মৃত্যু হতে পারে। আজ কাজের ফাঁকে ফেসবুক স্ক্রলিং করতে গিয়ে বসের হাতে ধরা পড়ার যোগ আছে। সাবধান!

কর্কট

আপনি আজ খুব আবেগপ্রবণ। ইউটিউবে স্যাড সং শুনে চোখের পানি ফেলতে পারেন। তবে মনে রাখবেন, আবেগ দিয়ে পেট ভরে না, ভাত দিয়ে ভরে। পুরোনো প্রেমিক/প্রেমিকার প্রোফাইল স্টক করা বন্ধ করুন, আঙুল ফসকে ‘লাইক’ পড়ে গেলে কিন্তু কেলেঙ্কারি! ইগো হারানো আর মানসম্মান হারানো সমান কথা। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক রাখুন, আজ তারাই আপনার পকেট খরচ বাঁচাতে পারে।

সিংহ

আজ নিজেকে বনের রাজা মনে করবেন। কিন্তু অফিসের কলিগরা আপনাকে বড়জোর ‘বিড়াল’ হিসেবে গণ্য করতে পারে। অহংকার কমান, নয়তো বিড়াল হয়ে মিউ মিউ করতে হবে। পার্টনার আপনার প্রশংসা না করলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের গুণগান গাইতে পারেন। লস হওয়ার সম্ভাবনা আছে, যদি আপনি আজ সব টাকা লটারিতে লাগান।

কন্যা

আজ আপনি খুঁতখুঁতে স্বভাবের চরম সীমায় পৌঁছাবেন। অন্যের রান্না করা তরকারিতে লবণের পরিমাণ কম—এই নিয়ে ৩ ঘণ্টা ভাষণ দিতে পারেন। সবকিছু গোছাতে গিয়ে নিজের গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড বা চাবি ভুলে যাওয়ার যোগ আছে। বেশি পারফেক্ট হতে গিয়ে পাজলড হয়ে যাবেন না। আজ আপনার চিরুনিটি নিখোঁজ হতে পারে, ধৈর্য ধরুন। টাক পড়ার ভয় নেই! সবকিছু পারফেক্ট হতে হবে না, নিজেকে অন্তত ক্ষমা করুন।

তুলা

আজ ব্যালেন্স করতে গিয়ে হিমশিম খাবেন। একদিকে ডায়েট চার্ট, অন্যদিকে বন্ধুর দেওয়া চটপটির দাওয়াত—উভয় সংকটে পড়বেন আপনি। আজ সিদ্ধান্ত নিতে দেরি করবেন না, নয়তো বাস চলে যাওয়ার পর স্টেশনে পৌঁছাবেন। এমনকি রেস্টুরেন্টে গিয়ে মেনু দেখতে দেখতেই দোকান বন্ধ হয়ে যেতে পারে। আজ বাঁ পা আগে ফেলার চেয়ে ডান পা আগে ফেলা নিরাপদ। আজ আপনার ভাগ্য ছুটিতে।

বৃশ্চিক

আজ আপনি খুব রহস্যময়। লোকে ভাববে বড় কোনো ক্রিপ্টোকারেন্সি প্ল্যান করছেন, আসলে আপনি মনে মনে ভাবছেন রাতে কী খেয়ে দ্রুত ঘুমাবেন। চোখের ইশারায় কাউকে বশ করার চেষ্টা করবেন না, মানুষ আপনাকে পাগল ভেবে দূরে সরতে পারে। অফিসের কলিগদের সব কথা বিশ্বাস করবেন না, তারা আপনাকে দিয়ে চা আনানোর ফন্দি আঁটছে।

ধনু

লক্ষ্যভেদের জন্য দিনটি দারুণ। তবে সেই লক্ষ্য যেন পাশের বাড়ির জানালার কাচ না হয়! ভ্রমণে যাওয়ার যোগ আছে, বড়জোর বারান্দা থেকে ড্রয়িং রুম পর্যন্ত। আজ আপনার পকেটে টাকা আসার বদলে যাওয়ার সম্ভাবনা বেশি। মানিব্যাগটা একটু সাবধানে রাখুন। সিঙ্গেলদের আজ সিঙ্গেল থাকাই মঙ্গল। কারণ, নতুন সম্পর্কে জড়ানো মানেই বাড়তি খরচ। মনে রাখবেন, ধনুর তির একবার ছুটলে আর ফিরে আসে না, টাকাও তা-ই।

মকর

কাজের চাপে আপনি আজ পিষ্ট। গাধার খাটুনি খাটছেন, কিন্তু ফল পাচ্ছেন ইঁদুরের মতো। চিন্তা নেই, গ্রহরা বলছে শিগগির আপনি...আরও অনেক অনেক কাজ পাবেন! বসের হাসিতে গলে যাবেন না, ওটা আসলে প্রমোশন আটকানোর বা বোনাস কাটার সূক্ষ্ম সংকেত। চা-কফি পানের মাত্রা কমান, নয়তো আজ সারা রাত ছাদের টিকটিকি গুনে কাটাতে হবে। লাঞ্চ ব্রেক এনজয় করুন।

কুম্ভ

আজ সমাজসংস্কারক হতে চাইবেন। পাড়ার মোড়ে দাঁড়িয়ে রাজনৈতিক বা সামাজিক বিপ্লবের বড় বড় লেকচার দিতে পারেন। তবে সাবধান, কেউ যেন আপনার পুরোনো কোনো ‘লজ্জাজনক’ ভিডিও সামনে না আনে! আপনার আজ নতুন নতুন বিজনেস আইডিয়া আসবে, যা বাস্তবায়ন করতে গেলে জেলেও যেতে হতে পারে। ঝুঁকি নেবেন না।

মীন

আজ আপনি গভীর জলের মাছের মতো শান্ত থাকতে চাইবেন। কিন্তু চারপাশের মানুষ আপনাকে বড়শিতে গেঁথে ভাজি করতে চাইবে। কল্পনা বিলাসিতা কমান। দিবাস্বপ্ন দেখা বন্ধ করে অন্তত নিজের বিছানাটা গুছিয়ে ফেলুন। ঘরের জঞ্জাল সাফ করলে মনের জঞ্জালও সাফ হবে। আপনার ক্রাশের কাছ থেকে আজ রিপ্লাই পাওয়ার সম্ভাবনা লটারিতে ১ কোটি টাকা পাওয়ার মতোই অনিশ্চিত।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top