মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫

ছবি: সংগৃহীত

পবিত্র শবে বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহকে এই রাতকে আল্লাহর রহমত, মাগফেরাত ও আত্মশুদ্ধির বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

তিনি বলেন, শবে বরাত এমন এক সৌভাগ্যময় রজনী, যখন মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন এবং ক্ষমা করেন। ইবাদত-বন্দেগি, দান-সদকা ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এটি এক অনন্য সময়।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আত্মসমালোচনা ও গুনাহ থেকে বিরত থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্যক্তি ও সমাজজীবনকে আলোকিত করা সম্ভব। সব ধরনের অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তি ও সৌন্দর্যের ধর্ম ইসলামকে ধারণ করার আহ্বান জানান তিনি।

বার্তার শেষাংশে ড. ইউনূস সর্বশক্তিমান আল্লাহর কাছে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের কল্যাণ কামনা করেন।

উল্লেখ্য, হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত মুসলমানদের কাছে পবিত্র শবে বরাত হিসেবে পালিত হয়। এ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম সম্প্রদায় বিশেষ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।

 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top