সংসদ নির্বাচন ও গণভোটে কোস্টগার্ডের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ে কোস্টগার্ডের আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনে যদি কোনো সদস্য দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ দেয়, তাহলে সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে শিথিলতা দেখাবে না।
উপদেষ্টা দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে বলেন, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের আস্থা ধ্বংস করে। তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হওয়া নিশ্চিত করতে সারা দেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এর অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ১০০ প্লাটুন কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আশ্বাস দেন, নির্বাচনকে ঘিরে সহিংসতা, নাশকতা বা আইনবহির্ভূত কর্মকাণ্ড রোধে গোয়েন্দা নজরদারি ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
উপদেষ্টা বলেন, কোস্টগার্ড সীমান্তবর্তী নদী ও আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ বাহিনীটির প্রশংসা করেছে ও যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
তিনি আরও জানান, উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, জলদস্যুতা দমন এবং দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমে কোস্টগার্ড সফলভাবে কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।