মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

অপেক্ষার অবসান, ভূতাপেক্ষ পদোন্নতি পেলেন ২০৬ সরকারি কলেজ শিক্ষক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪২

ছবি: সংগৃহীত

বহুদিনের জটিলতা কাটিয়ে দেশের বিভিন্ন সরকারি কলেজের ২০৬ জন শিক্ষককে একযোগে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (২ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কেউ দুই ধাপ, আবার কেউ তিন ধাপ একসঙ্গে পদোন্নতি পেয়ে প্রভাষক থেকে অধ্যাপক পদে উন্নীত হয়েছেন। তালিকায় এমন শিক্ষকও রয়েছেন, যাদের পদোন্নতির প্রাপ্যতা তৈরি হয়েছিল ১৯৯৫ সালেই।

আত্তীকরণ বিধিমালা–২০০০ অনুযায়ী এসব শিক্ষক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তাদের পদোন্নতি ভূতাপেক্ষভাবে কার্যকর হলেও তা কেবল বেতন নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অতীত সময়ের জন্য কোনো বকেয়া আর্থিক সুবিধা তারা পাবেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ (ঢাকা) এর গত বছরের ২৭ নভেম্বরের রায়, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের ২০১৮ সালের ১ আগস্টের রায় এবং রায় বাস্তবায়ন সংক্রান্ত আদেশ অনুসরণ করেই এই পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে কর্মরত শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে ইনসিটু হিসেবে যোগদান করবেন। আর যারা কর্মরত নন, তারা বিধি অনুযায়ী ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ভূতাপেক্ষ যোগদান করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদোন্নতি, জ্যেষ্ঠতা ও বিধিমালা সংক্রান্ত একাধিক মামলা দীর্ঘদিন ঝুলে থাকায় এসব শিক্ষকের ক্যারিয়ার অগ্রগতি থমকে ছিল। অনেকেই ইতোমধ্যে অবসরে চলে গেলেও আদালতের নির্দেশনার আলোকে তাদের ক্ষেত্রেও পদোন্নতির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top