ক্যান্টনমেন্টে অস্ত্রসহ প্রবেশচেষ্টায় বাধা,
জামায়াত প্রার্থীর আচরণের প্রতিবাদ এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৭
ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী স ম খালিদুজ্জামানের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান সাইফ (অব.) প্রেরিত এক বিবৃতিতে বলা হয়, ক্যান্টনমেন্ট একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা। সেখানে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা এবং দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর আচরণ সামরিক বাহিনীর মর্যাদা ও রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক পরিচয় কখনোই কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে রাখে না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের স্থান নয়।
এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার সুস্পষ্ট অঙ্গীকার করার আহ্বান জানিয়েছে। অন্যথায় তাকে ক্যান্টনমেন্ট এলাকায় ‘পিএনজি (পারসোনা নন গ্রাটা)’ ঘোষণা করার জন্য জোর দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।