কারাবন্দি এমডি শাফিকুর রহমানের নিয়োগ বাতিল, বিমানের দায়িত্বে ড. হুমায়রা সুলতানা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭
ফৌজদারি মামলায় কারাবন্দি থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. শাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। তার স্থলে সংস্থাটির দায়িত্ব সাময়িকভাবে দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের ‘বিমান-১ শাখা’ থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, ফৌজদারি অভিযোগে কারাবন্দি থাকায় ড. শাফিকুর রহমানের সরকারি চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়ের একই তারিখের প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যক্রম সচল রাখতে নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ড. হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ৩০(গ) ধারা অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন। অফিস আদেশে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
এই সিদ্ধান্তের অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, সংস্থাটির চলমান প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত সংকটের প্রেক্ষাপটে এ পদ পরিবর্তনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিমানের পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে আলোচনা ও সমালোচনার মধ্যেই এই পরিবর্তন এলো।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।