নির্বাচন না হওয়ার সুযোগ নেই: সেনাপ্রধান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সবাই আন্তরিক ও ঐক্যবদ্ধ। নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী—সবাই একই লক্ষ্যে কাজ করছে। সুতরাং নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সেনাপ্রধান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেন বা ‘মানি ট্রানজেকশন’ হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি।
সেনাপ্রধান বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় কিছু অপরাধী থাকতে পারে, যারা নির্বাচনের দিন ব্যালট ছিনতাই, ভোট কারচুপি (রিগিং) কিংবা ভোটারদের পোলিং স্টেশনে যেতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সংশ্লিষ্ট বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অপরাধের ধরন অনুযায়ী প্রয়োজন হলে আটক বা মামলা—যে ব্যবস্থা উপযুক্ত, তা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এর আগে গত রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ময়মনসিংহ সফর করেন সেনাবাহিনী প্রধান। সফরকালে তিনি নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেশাদারি, শৃঙ্খলা এবং নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর জোর দেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। সভায় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা, দায়িত্ব পালনে নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সেনাবাহিনী প্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনে ধৈর্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।