বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০১

ছবি: সংগৃহীত

এই বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু এবং জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক ববিতা সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিত্বরা পদক পাচ্ছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই ঘোষণা দেন।

আইয়ুব বাচ্চু ও ববিতা ছাড়াও অন্যান্য যারা পদক পাচ্ছেন, তারা হলেন- চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্য মেরিনা তাবাসসুম, ব্যান্ড মিউজিকে ওয়েরফেইজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ।

গত বছর ২৯ জুলাই তথ্য অধিদপ্তর এক বিবৃতির মাধ্যমে একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান করেছিল। ৩০ অক্টোবরের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থা, মন্ত্রণালয়, বিভাগ এবং জেলা প্রশাসকদের মাধ্যমে প্রস্তাবিত নামগুলো সংগ্রহ করা হয়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ভাষা আন্দোলন, শিল্পকলা, গবেষণা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই দশ ব্যক্তিত্বকে নির্বাচন করা হয়েছে।

বিবরণীতে আরও বলা হয়, প্রতি বছরের মতো ২০২৬ সালেও সরকার ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা ইত্যাদি), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি (জীবিত বা মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদকে ভূষিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

প্রতি বছরের মতো এবারও একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পদকজয়ীদের হাতে পদক ও সম্মাননা চেক তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top