বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন না সাবেক স্পিকার-ডেপুটি স্পিকার: আসিফ নজরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩১

সংগৃহীত

নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের মাধ্যমে শপথ পড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর ক্ষেত্রে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করতে পারবেন না। কারণ তাদের একজন বর্তমানে পলাতক এবং অপরজন কারাগারে রয়েছেন। এ ছাড়া দুজনের বিরুদ্ধেই গুরুতর অভিযোগে মামলা রয়েছে।

তিনি জানান, সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য বর্তমানে সংবিধান অনুযায়ী দুটি পথ খোলা রয়েছে। প্রথমত, প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন। দ্বিতীয়ত, যদি তিন দিনের মধ্যে কোনো কারণে শপথ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাতে পারবেন।

আসিফ নজরুল বলেন, “আমরা আশা করছি, তিন দিনের মধ্যেই রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির মাধ্যমে সংসদ সদস্যদের শপথ সম্পন্ন করা যাবে।”

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী সাধারণত নতুন সংসদ সদস্যরা স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছেই শপথ নেন। তবে বর্তমান বাস্তবতায় একজন পলাতক ও অন্যজন কারাবন্দি থাকায় সেই পথ কার্যত বন্ধ। পাশাপাশি তাদের বিরুদ্ধে চলমান মামলা ও পদত্যাগসংক্রান্ত বিষয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এই প্রেক্ষাপটে সংবিধানে বর্ণিত বিকল্প ব্যবস্থাগুলোই এখন গুরুত্ব পাচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, রাষ্ট্রপতি প্রয়োজনে কোনো উচ্চপদস্থ সাংবিধানিক পদধারী ব্যক্তিকে—যেমন প্রধান বিচারপতিকে—শপথ পড়ানোর দায়িত্ব দিতে পারেন, যদি তিনি সম্মত হন।

আইন উপদেষ্টা আরও বলেন, সরকার যত দ্রুত সম্ভব নতুন সংসদের কার্যক্রম শুরু করতে চায়। সে কারণে বিলম্ব এড়াতে সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য ও কার্যকর পথ অনুসরণ করাই এখন সরকারের অগ্রাধিকার। শপথ আয়োজনের বিষয়টি নীতিগত সিদ্ধান্ত হওয়ায় এ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক মতামত উপস্থাপন করা হতে পারে বলেও জানান তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top