৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে পৌঁছাবে ব্যালট পেপার, নির্বাচন কমিশনের আশ্বাস
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০১
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে দেশের সব আসনে ব্যালট পেপার পৌঁছে যাবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশনে তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, ইতোমধ্যে ১১৬টি সংসদীয় আসনের ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বাকিদের ব্যালট নতুন করে ছাপা প্রয়োজন হওয়ায় কিছু বিলম্ব হয়েছে, যা আদালতের নির্দেশনায় প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ার কারণে হয়েছে। তবে ৭ তারিখের মধ্যে সব এলাকায় ব্যালট পৌঁছানোর বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে সচিব জানান, তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন এবং নির্বাচনের প্রস্তুতি ও ১২ ফেব্রুয়ারি ভোট সংক্রান্ত তথ্য নিয়েছেন।
নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার রোধকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কমিশন মেটার সঙ্গে সমন্বয় করছে যাতে বিদ্রূপাত্মক, আক্রমণাত্মক বা অপপ্রচারমূলক কন্টেন্ট অপসারণ করা যায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিব জানান, সাত দিন সেনাবাহিনী, আট দিন আনসার এবং নিয়মিত পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া ১৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৮-১৪ ফেব্রুয়ারি নির্বাচনি মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
দেশি পর্যবেক্ষকদের সুবিধা সম্পর্কে তিনি বলেন, তাদের কাজের ক্ষেত্রে কোনো বাধা না আসে, সেদিকেও নজর রাখা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।