বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক চুক্তি স্বাক্ষর ৯ ফেব্রুয়ারী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০২
বাংলাদেশ আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পাল্টা শুল্কসংক্রান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে। যদিও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এক দিন আগে ৮ ফেব্রুয়ারি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তবে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সরকারি আদেশ অনুযায়ী, সফরকারী দলের প্রধান হচ্ছেন অতিরিক্ত সচিব ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) অনুবিভাগের প্রধান খাদিজা নাজনীন। দলের অন্য সদস্যরা হলেন—দুই যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার রইছ উদ্দিন খান।
প্রতিনিধি দল ৬ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবে এবং ১০ ফেব্রুয়ারি বা তার আশেপাশে দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে, শেখ বশিরউদ্দীন ও মাহবুবুর রহমান বৃহস্পতিবার জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তারা ৪-৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (বিজেইপিএ) অনুষ্ঠানে অংশ নেবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।