প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫
জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দেশের প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
জাকারিয়ার ছোট ভাই মোহাম্মদ সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার (৭ ফেব্রুয়ারি) বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরে জাকারিয়া লিভার, কিডনি, হৃদরোগ এবং ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল ১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তার কর্মজীবন শুরু হয় দৈনিক আজাদ থেকে, এরপর তিনি ইনকিলাব, অবজারভার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ কাজ করেছেন। সর্বশেষ তিনি যমুনা টেলিভিশনের হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জাকারিয়া কাজলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।