শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করছেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫২

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। সূত্র জানায়, ইতোমধ্যে অনেকেই সাধারণ পাসপোর্ট হাতে পেয়েছেন, আর কয়েকজনের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন।

সূত্র জানায়, চলতি বছরের শুরুতেই প্রথম আবেদন জমা দেন আদিলুর রহমান খান। একই দিনে তিনি সাধারণ পাসপোর্ট হাতে পান। তবে তার স্ত্রী যুক্তরাজ্যের পাসপোর্টধারী হওয়ায় বাংলাদেশি কূটনৈতিক পাসপোর্ট পাননি।

পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কূটনৈতিক পাসপোর্ট প্রদানের বিষয়টি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকে। কূটনৈতিক পাসপোর্ট বাতিল বা সমর্পণের ক্ষেত্রেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসে।

একই সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় কূটনৈতিক পাসপোর্ট রূপান্তরে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এখন সাধারণ পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশের ভেরিফিকেশন ও গোয়েন্দা সংস্থার ছাড়পত্র বাধ্যতামূলক। তবে ২১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে আগের নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে কূটনৈতিক পাসপোর্ট সমর্পণপূর্বক সাধারণ পাসপোর্ট ইস্যুর সুযোগ নিশ্চিত করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top