রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

দেড় বছর পর মাথায় গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়াই করার পর জুলাই যোদ্ধা আশরাফুল (৩২) আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮:০৩ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৫ আগস্ট মিরপুর-১০ এলাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় উদ্ধার হওয়ার পর দেশে এবং বিদেশে উন্নত চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়, যেখানে তিনি ১৪ মাস নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

থাইল্যান্ডে দীর্ঘ চিকিৎসা শেষে গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে ফেরানো হয়। দেশে ফেরার পরপরই ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।

দীর্ঘ ১৮ মাস যন্ত্রণার সঙ্গে লড়াই করা এই যোদ্ধার মৃত্যুতে পরিবার ও সহযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top