রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি এই সরকারের আমলে হবে না: বিডা চেয়ারম্যান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:০১

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, এই সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি কার্যকর হবে না। তিনি বলেন, কোম্পানি কিছু সময় চেয়েছে, কিন্তু সরকারের হাতে মাত্র দুই কার্যদিবস বাকি থাকায় চুক্তি এখনই সম্ভব নয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী বলেন, “প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয়েছিল। গত এক মাসে চূড়ান্ত বোঝাপড়ার ধাপ শুরু হয়েছে, যা এখনও চলমান। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। চুক্তি সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে।”

এদিকে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। এতে বন্দরে কনটেইনার ডেলিভারি সম্পূর্ণ বন্ধ রয়েছে। সকালবেলায় সীমিত সময় জেটিতে কিছু পণ্য খালাসের কাজ হলেও বর্তমানে তা বন্ধ। বহির্নোঙরেও পণ্য খালাস স্থগিত রয়েছে।

এবারের ধর্মঘটে জেটি, ইয়ার্ড, টার্মিনাল ও প্রশাসনিক ভবনের পাশাপাশি বহির্নোঙরের সব অপারেশনও বন্ধ থাকবে। পূর্বের ধর্মঘটে বহির্নোঙরের কার্যক্রম চলছিল।

বন্দর কর্তৃপক্ষ রোববার সকাল সাড়ে ৯টায় প্রায় ২০০ কর্মচারী ও শ্রমিককে জরুরি সভায় উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছে।

চট্টগ্রাম প্রেস ক্লাবে শনিবার সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন জানান, ধর্মঘটের সঙ্গে যুক্ত অন্য দাবিগুলো হলো- চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এসএম মনিরুজ্জামানকে পদ থেকে প্রত্যাহার, আগের আন্দোলনে শাস্তিপ্রাপ্ত কর্মচারীদের পুনর্বহাল এবং আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top