সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

নির্বাচনের দিন প্রার্থীর গাড়িতে গানম্যানসহ সর্বোচ্চ ৫ জন থাকতে পারবেন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন (১২ ফেব্রুয়ারি) প্রার্থী ও নির্বাচনি এজেন্টদের ব্যক্তিগত গাড়িতে সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন। এতে চালক ও প্রার্থীর নিরাপত্তার জন্য নিয়োজিত গানম্যানও অন্তর্ভুক্ত।

নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি প্রার্থী ও নির্বাচনি এজেন্টদের যানবাহন ব্যবহারের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ছোট গাড়ি—জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিক্সা—ব্যবহার করতে পারবেন।

প্রতিটি গাড়িতে চালকসহ সর্বোচ্চ পাঁচজন থাকা যাবে। প্রার্থীর নিরাপত্তার জন্য গানম্যান থাকলে তাকে এই পাঁচজনের মধ্যে গণ্য করা হবে। যেসব এলাকায় অন্যান্য যানবাহন ব্যবহার সম্ভব নয় এবং শুধুমাত্র মোটরসাইকেল চলাচলযোগ্য, সেখানে প্রতিটি প্রার্থী ও নির্বাচনি এজেন্ট সর্বোচ্চ দুইটি মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশি অবস্থান করতে পারবে না।

নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও নির্বাচনি এজেন্ট নৌযান চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে যেতে পারবেন। নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রার্থী, নির্বাচনি এজেন্ট ও গানম্যান ছাড়া অন্যদের যাত্রার জন্য রিটার্নিং অফিসারের অনুমতি নিতে হবে এবং প্রাপ্ত স্টিকার যথাযথভাবে যানবাহনে প্রদর্শন করতে হবে।

এর পাশাপাশি, প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ছাড়া কোনো ব্যক্তি ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবেন না।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top