সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:২৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কমিশনের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়।
এর আগে রোববার নির্বাচন কমিশনের একটি নির্দেশনায় জানানো হয়, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা ওই চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়, ভোটকেন্দ্রে কেবল দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দু’জন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। অন্য কেউ মোবাইল ফোন বহন করতে পারবেন না।
এই নির্দেশনা প্রকাশের পরপরই সাংবাদিক মহলে ব্যাপক উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়। টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) একে হঠকারী সিদ্ধান্ত আখ্যা দিয়ে তাৎক্ষণিক প্রত্যাহারের দাবি জানায়।
সোমবার বিজেসির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা হলে দায়িত্ব পালন কার্যত অসম্ভব হয়ে পড়বে। এতে স্বাধীন সাংবাদিকতা ও তথ্য সংগ্রহের মৌলিক অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বিজেসি আরও জানায়, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীন ভূমিকা অপরিহার্য। ভোটকেন্দ্রে তথ্য সংগ্রহের অন্যতম প্রধান মাধ্যম হলো মোবাইল ফোন। এই সুযোগ সীমিত করা হলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হবে।
সংগঠনটি মনে করে, এই ধরনের নির্দেশনা শুধু সাংবাদিকদের নয়, ভোটারদের ক্ষেত্রেও বিভ্রান্তি ও ভোগান্তি তৈরি করতে পারে, যা ভোটদানে আগ্রহ কমিয়ে দিতে পারে। এ কারণে অবিলম্বে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।