সম্পদবিবরণী প্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:২৮
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদবিবরণী শিগগিরই প্রকাশ করা হবে বলে আগেই জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্দিষ্ট সময় ঘোষণা না হলেও এর আগেই তিনি নিজেই নিজের সম্পদবিবরণী প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি তার সম্পদের বিস্তারিত তথ্য তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের প্রথম সদস্য হিসেবে সম্পদবিবরণী প্রকাশ করে শফিকুল আলম জানান, দায়িত্ব গ্রহণের আগে ও পরে তার সম্পদের পরিমাণে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।
পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকার শাহীনবাগে তার একটি ফ্ল্যাট রয়েছে এবং দনিয়ায় বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া আরেকটি ফ্ল্যাট আছে। এছাড়া তিনি ও তার স্ত্রী—উভয়েরই ময়মনসিংহে একটি করে অ্যাপার্টমেন্ট রয়েছে। মাগুরার নিজ গ্রামে তার ৪০ শতাংশ কৃষিজমিও রয়েছে।
আর্থিক অবস্থার বিষয়ে তিনি জানান, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তার একটি মাত্র অ্যাকাউন্ট রয়েছে। বর্তমানে সেখানে জমা আছে ১ কোটি ২৩ লাখ টাকা। আগে জমার পরিমাণ ছিল ১ কোটি ১৪ লাখ টাকা। এই ৯ লাখ টাকা বৃদ্ধির কারণ হিসেবে তিনি জানান, শ্যালকের কাছ থেকে ধার দেওয়া ৭ লাখ ৫০ হাজার টাকা ফেরত পাওয়া এবং বড় ভাইয়ের পাঠানো আড়াই হাজার ডলার, যা রমজানে দরিদ্রদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।
শফিকুল আলম আরও জানান, ব্যাংকে জমা থাকা অর্থের বড় একটি অংশ তিনি ২০০৫ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিতে কাজ করার সময় পাওয়া গ্র্যাচুইটি থেকে অর্জন করেছেন।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, সরকারি দায়িত্ব ছাড়ার সময় তার ও পরিবারের সম্পদের কোনো পরিবর্তন হয়নি এবং তার আর্থিক লেনদেন ও সম্পদের যেকোনো ধরনের যাচাই-বাছাইকে তিনি স্বাগত জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।