বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

নির্বাচনের ফল ঘোষণার সময় জানালেন ইসি সানাউল্লাহ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:০৪

সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রচার-প্রচারণা শেষ হওয়ায় এখন সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশাবাদী নির্বাচন সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্বাচন ও গণভোটের ফলাফলের বড় অংশই ভোটের রাতের মধ্যেই পাওয়া যাবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ প্রত্যাশার কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ব্যালট পেপার ও নির্বাচনি সামগ্রী বিতরণ শুরু হবে এবং সন্ধ্যার মধ্যেই তা ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একসঙ্গে সম্পন্ন হবে। ভোটের দিন মোট চার দফা ব্রিফিং করা হবে বলেও জানান তিনি।

ইসি কমিশনার জানান, সারা দেশের মোট ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গণভোটের ফলাফল ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, একটি আসনে ভোট স্থগিত রয়েছে। বিকেল সাড়ে চারটার পর কেন্দ্রের চৌহদ্দির মধ্যে অবস্থানরত ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮১ জন।

সারা দেশে মোট ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে আনুমানিক ৫০ শতাংশ কেন্দ্র সাধারণ এবং বাকি ৫০ শতাংশ গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত ৭ লাখ ৩০ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে।

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে থাকবেন ৪৫ হাজার ৩৩০ জন দেশীয় পর্যবেক্ষক। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন ৯ লাখ ৫৮ হাজার সদস্য। দায়িত্ব পালন করবেন ২ হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। নিরাপত্তা ও নজরদারি নিশ্চিতে ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডিওর্ন ক্যামেরাও ব্যবহৃত হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top