গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে শায়খ আহমাদুল্লাহ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯
জাতীয় নির্বাচনের আর এক দিন বাকি। আগামীকাল ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে সংস্কার প্রশ্নে গণভোট, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
নির্বাচন ও গণভোটের আগের দিন বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান জানিয়েছেন ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ। তিনি লেখেন, “ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে।”
তবে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, “সেই সংস্কার সংক্রান্ত সকল কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখে কার্যকর করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় যেন না ঘটে তা নিশ্চিত করতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হবে।”
তিনি আরও বলেন, “হ্যাঁ ভোট মানে শুধু পরিবর্তন নয়—হোক মূল্যবোধ অক্ষুন্ন রেখে পরিবর্তনের অঙ্গীকার।”
আগামীকাল সকাল ৭টা ৩০ মিনিটে দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হবে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটাররা দুটি ব্যালট পেপার পাবেন—সাদা ও গোলাপি। সাদা ব্যালট পেপারটি হবে সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি ব্যালট পেপারে গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদান করবেন ভোটাররা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।