বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ভোটের আগে নিরাপত্তা জোরদার: ঢাকা–৭ ও ১০ আসনে যৌথ বাহিনীর তৎপরতা

ওয়াসিমুল বারী সিয়াম | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১৬

ভোটের আগে নিরাপত্তা জোরদার: ঢাকা–৭ ও ১০ আসনে যৌথ বাহিনীর তৎপরতা।  ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি আসন, ঢাকা-৭ ও ঢাকা-১০ এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যৌথ বাহিনী। ভোটের পরিবেশ নিরাপদ ও শান্ত রাখতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি আগেভাগেই মোকাবিলার লক্ষ্যেই এ টহল কার্যক্রম পরিচালনা করা হয়।


বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে আজিমপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে বিভিন্ন এলাকায় যৌথ টহল চালানো হয়। এ সময় ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখা হয় এবং মাঠপর্যায়ের বাহিনীগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
টহলের আওতায় ঢাকা- ৭ ও ঢাকা-১০ আসনের ৫৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ১৩৯টি ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়। সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই করতে একাধিক মহড়া অনুষ্ঠিত হয়। এসব মহড়ায় সেনাবাহিনী ছাড়াও পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যরা অংশ নেন।

নির্বাচন সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রিসাইডিং অফিসারদের সঙ্গে সমন্বয় বৈঠকের মাধ্যমে ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নির্বিঘ্নে ভোট দিতে উৎসাহিত করা এবং নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হয়।
কর্তৃপক্ষ জানায়, নির্বাচন ঘিরে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top