ঢাকায় ১,৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা: রিটার্নিং কর্মকর্তা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানী ঢাকার ১ হাজার ৪০০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
তিনি জানান, নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়। বুধবার সন্ধ্যার আগেই প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের সরঞ্জামাদি পৌঁছে যাবে।
নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি নেই এবং প্রশাসন কোনো চাপ অনুভব করছে না। এ পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের ৫২টি অভিযোগ পাওয়া গেছে এবং সবগুলো অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
ঢাকার ১৩টি আসনের ১ হাজার ৪০০ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়ে প্রতিটি কেন্দ্রে স্বাভাবিকের তুলনায় বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বৃহস্পতিবার ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে।
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পর্যাপ্ত পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
শরফ উদ্দিন আরও বলেন, ঢাকার প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে। প্রতিটি কেন্দ্রে বডি-ওয়ার্ন ক্যামেরাসহ দুইজন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং তারা রিয়েল-টাইম ফুটেজ আপলোড করবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।