রাজধানীর যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৫৭
প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদসংক্রান্ত গণভোট ঘিরে ইতোমধ্যে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। এখন ভোটগ্রহণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। একই কেন্দ্রে ভোট দেবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানও।
এদিকে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার ভোট দেবেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে। সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ মিরপুর-১২ এলাকার একটি কেন্দ্রে, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার শ্যামলী এলাকায় এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন মহাখালী ডিওএইচএসের একটি স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম চট্টগ্রামের মেহেদীবাগ এলাকায় নিজ কেন্দ্রে ভোট দেবেন। তবে ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন জরুরি কাজের কারণে ঢাকায় অবস্থান করায় ভোট দিতে নাও যেতে পারেন বলে জানা গেছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ধানমন্ডির একটি কেন্দ্রে ভোট দেবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপারের মাধ্যমে একযোগে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।