বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায়। একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে জুলাই জাতীয় সনদের আওতায় প্রস্তাবিত সংবিধান সংশোধনী বাস্তবায়ন বিষয়ে গণভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে। এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর–৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন—এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় মনোনীত এবং ২৭৩ জন স্বতন্ত্র।

প্রার্থীদের মধ্যে নারী রয়েছেন ৮৩ জন (দলীয় ৬৩, স্বতন্ত্র ২০) এবং পুরুষ ১ হাজার ৯৪৬ জন (দলীয় ১ হাজার ৬৯২, স্বতন্ত্র ২৫৩)।

সারা দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে। এর মধ্যে ২১ হাজার ২৭৩টি সাধারণ এবং ২১ হাজার ৫০৬টি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত। ভোট পরিচালনায় নিয়োজিত রয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। তাঁদের মধ্যে ৪২ হাজার ৭৭৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং এজেন্ট।

নির্বাচনী দায়িত্বে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করছেন বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক মিলিয়ে ৬৯ জন। সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন ৫৯৮ জন।

আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য, পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন এবং র‌্যাবের ৯ হাজার ৩৪৯ জন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, আনসার ও বিএনসিসির সদস্যরাও মাঠে রয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top