বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১৪

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, চামেলীবাগ গোল্ডেন ইরা কিডস স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টার, টিএন্ডটি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভোটারদের সঙ্গে কথা বলেন। তিনি ভোটগ্রহণের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শেষ পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে।

এবারের নির্বাচন ঐতিহাসিক হয়ে থাকবে এবং জাতির কাছে একটি উদাহরণ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এর আগে সকাল ১০টায় রাজধানীর ডিওএইচএস বারিধারাস্থ ‘বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ ভোটকেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top