তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১
বাংলাদেশের জাতীয় নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন আসিফ আলী জারদারি। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে অভিনন্দন বার্তার সত্যতা নিশ্চিত করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে বিএনপির বড় জয়ের জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি বাংলাদেশের জনগণকে ‘সফল ও শান্তিপূর্ণ নির্বাচন’ আয়োজনের জন্য অভিনন্দন জানান তিনি। বার্তায় জারদারি বলেন, গণতান্ত্রিক অংশীদারত্ব ও যৌথ অগ্রগতির লক্ষ্যে পাকিস্তান তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।
দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে বিএনপি। ফলে দলটির চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ চিত্র উঠে এসেছে।
২৯৯টি আসনের মধ্যে ঘোষিত ফল অনুযায়ী, ‘ধানের শীষ’ প্রতীকে বিএনপির প্রার্থীরা ১৭৫টি আসনে জয়লাভ করেছেন। জামায়াতে ইসলামীর প্রার্থীরা পেয়েছেন ৫৬টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা ১১টি আসনে জয় পেয়েছেন। এখনো ৪২টি আসনের ফলাফল প্রক্রিয়াধীন রয়েছে।
এই ফলাফলের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশেষ করে পাকিস্তানের পক্ষ থেকে উচ্চপর্যায়ের অভিনন্দন বার্তা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।