সারাদেশে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি
নিউজফ্ল্যাশ নিউজ | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোটার উপস্থিতি দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানায়।
ইসির পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক বলেন, দেশের বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন কেন্দ্রের চূড়ান্ত হিসাব এখনো বাকি থাকলেও সামগ্রিক ভোটের হার ৫৯.৪৪ শতাংশেই রয়েছে।
ইসি সূত্র জানায়, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ শতাংশ বেশি। কমিশনের কর্মকর্তাদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকা এবং প্রশাসনিক প্রস্তুতি জোরদার হওয়ায় ভোটার উপস্থিতি বেড়েছে।
গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঘোষিত ফল অনুযায়ী, ২১০টি আসনে বেসরকারিভাবে জয় পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭২টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয় পেয়েছেন ৭টি আসনে। এখনো ১০টি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। এছাড়া এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।
কেন্দ্রভিত্তিক বিস্তারিত পরিসংখ্যান শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।