১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ: প্রেস সচিব

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৬

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

একই ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলাফল বিশ্লেষণ করেন। তিনি বলেন, গণভোটে দেশের মানুষ বিপুলভাবে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে চূড়ান্ত রায় দিয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গণভোটে মোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার অংশ নেন, যা মোট ভোটারের প্রায় ৬০ দশমিক ৮৪ শতাংশ। সংসদ নির্বাচনের তুলনায় গণভোটে প্রায় ১ শতাংশ বেশি ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে জানান তিনি।

পরিসংখ্যান তুলে ধরে আলী রীয়াজ বলেন, প্রদত্ত ভোটের মধ্যে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি ‘হ্যাঁ’ ভোট, যা মোট ভোটের ৬৮ দশমিক ০৬ শতাংশ। বিপরীতে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি, যা প্রায় ৩১ শতাংশ।

তিনি আরও বলেন, এই রায় কেবল সংখ্যাগত নয়; ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্বীকৃতিও বহন করে। জনগণের এই ম্যান্ডেট সংস্কার প্রক্রিয়াকে আইনি ও নৈতিকভাবে শক্তিশালী করবে এবং বৈষম্যহীন রাষ্ট্রগঠনের পথ সুগম করবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শপথ গ্রহণ শেষে দ্রুত সংসদীয় কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে। এখন আনুষ্ঠানিক শপথের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা দায়িত্বভার গ্রহণ করবেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top