নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০১

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অভাবনীয় সাফল্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক বার্তায় তিনি নাহিদ ইসলামের নেতৃত্ব এবং নবীন দল হিসেবে এনসিপির অংশগ্রহণকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি ‘তাৎপর্যপূর্ণ অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই সাফল্য কেবল সংখ্যার বিচারে নয়; বরং এটি দেশের তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস ও স্বপ্নের বলিষ্ঠ প্রতিফলন।

প্রধান উপদেষ্টা বলেন, মাত্র এক বছর আগে ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা একটি নবীন দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাহসের পরিচয়। এর মধ্যে ৬টি আসনে সরাসরি জয় এবং আরও কয়েকটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা একটি উল্লেখযোগ্য রাজনৈতিক অর্জন।

চব্বিশের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আন্দোলনের সময় নাহিদ ইসলামের সাহসিকতা ও অদম্য মনোবল আন্দোলনকে সুসংগঠিত ও লক্ষ্যভিত্তিক রাখতে সহায়তা করেছে। তার ও সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির স্মৃতিতে অম্লান থাকবে।

ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলামকে সহকর্মী হিসেবে পাওয়া ছিল মূল্যবান অভিজ্ঞতা। তার কর্মদক্ষতা, নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক বিষয়ে মনোযোগ তাকে মুগ্ধ করেছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র তখনই বিকশিত হয়, যখন রাজনীতিতে নতুন কণ্ঠস্বর ও নতুন ধারণা জায়গা করে নেয়। এনসিপির এই সাফল্য প্রমাণ করে, দেশের মানুষ—বিশেষ করে তরুণরা—নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থাশীল।

বার্তার শেষে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি সংসদে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং সংগ্রামের রাজপথ থেকে মূলধারার রাজনীতিতে এই রূপান্তর দলের আদর্শকে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি তিনি নাহিদ ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top