বঙ্গভবনে নয়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯

ছবি: সংগৃহীত

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। তবে ঐতিহ্যবাহী বঙ্গভবনে নয়, এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। এর আগে একইদিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি)।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শপথ আয়োজনে প্রায় এক হাজার অতিথির অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। শপথ নিতে আমন্ত্রিতদের জন্য গাড়ি প্রস্তুতসহ নিরাপত্তা ও আনুষ্ঠানিক আয়োজনের সব ব্যবস্থাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এদিকে নির্বাচন কমিশন ইতোমধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট গ্রহণ হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।

নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টি আসনে। ফলাফল স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিক দলগুলো পেয়েছে ৩টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জয় পেয়েছে ১টি আসনে।

বিএনপি নেতৃত্বাধীন জোটের এই বড় বিজয়ের পর নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন—তা নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি কতজন নতুন মুখ ও তরুণ প্রতিনিধি অন্তর্ভুক্ত হচ্ছেন, সেটিই এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top