নির্বাচনের পর একান্ত সাক্ষাৎকার: যা বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪

ছবি: সংগৃহীত

নির্বাচনের ফলাফল প্রকাশের পর সময় সংবাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধী দল হিসেবে সংসদে গঠনমূলক ও কার্যকর ভূমিকা রাখবে জামায়াত। জনগণের ক্ষমতায়ন, নাগরিক অধিকার আদায় এবং গণতন্ত্র শক্তিশালী করাই হবে তাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, “জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত সংসদে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা জনগণের কণ্ঠস্বর হয়ে কথা বলবো।”

নির্বাচন-পরবর্তী পরিকল্পনা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এবারের নির্বাচনে সরকার গঠনের সম্ভাবনা নেই—এটি তারা বাস্তবতা হিসেবে মেনেই নিচ্ছেন। তবে প্রাপ্ত আসন দিয়েই দেশের সেবায় আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন,
“আমাদের সরকার গঠনের সম্ভাবনা এবার অন্তত নেই—এটা সবাই বুঝতে পারছি। তবে যেটুকু পেয়েছি, তা দিয়েই দেশের সেবা করতে পারবো এবং উদাহরণ তৈরি করতে পারবো। দেশের স্বার্থে সরকার কোনো ভালো উদ্যোগ নিলে আমরা সমর্থন দেব। আবার দেশ ও জনগণের স্বার্থ ক্ষুণ্ন হলে চাটুকারিতা করবো না।”

সংসদ সদস্য হিসেবে সরকারের কোনো অতিরিক্ত সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না জানিয়ে তিনি বলেন, স্থানীয় জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবে জামায়াত।

আরও বলেন,
“দেশবাসীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। হয়তো সরকারি সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সবকিছু আমাদের হাতে থাকবে না। তবুও জনগণের জন্য কাজ করার সুযোগ আমাদের থাকবে। আমাদের এক নম্বর অগ্রাধিকার জনগণ, দুই নম্বর অগ্রাধিকার জনগণ এবং তিন নম্বর অগ্রাধিকারও জনগণ।”

যেকোনো ধরনের প্রতিহিংসা পরিহার করে দেশে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে জামায়াত ভূমিকা রাখবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন দলটির প্রধান।

তিনি বলেন,
“আমরা এমন কোনো বক্তব্য দেব না, যা নিজেরা মানতে পারবো না। ভালো কাজে সমর্থন এবং মন্দ কাজে প্রতিবাদ—এই নীতিতেই আমরা অটল থাকবো।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top