উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ৩২, গ্রামজুড়ে অগ্নিসংযোগ

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২

উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ৩২, গ্রামজুড়ে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম নাইজেরিয়ার তিনটি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। হামলাকারীরা ঘরবাড়ি ও দোকানপাটে আগুন ধরিয়ে দিলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

শনিবার ভোরে মোটরসাইকেলযোগে এসে টুঙ্গা-মাকেরি, কনকোসো ও পিসা সম্প্রদায়কে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তিনটি গ্রামই বেনিন প্রজাতন্ত্রের সীমান্তের কাছে বোরগু স্থানীয় সরকার এলাকায় অবস্থিত।

খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলে ‘ডাকাত’ হিসেবে পরিচিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সাম্প্রতিক তৎপরতার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। এসব গোষ্ঠী দীর্ঘদিন ধরে প্রাণঘাতী হামলা, মুক্তিপণের জন্য অপহরণ এবং সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করার ঘটনায় জড়িত।

নাইজার স্টেট পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, টুঙ্গা-মাকেরি গ্রামে হামলায় ছয়জন নিহত হয়েছেন। তবে কতজন অপহৃত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তিনি কনকোসোতে হামলার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাননি।

তিনি আরও বলেন, পরিস্থিতি মূল্যায়ন ও ভুক্তভোগীদের উদ্ধারে যৌথ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

নাইজেরিয়ায় ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা এখন সরকারের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল জটিল নিরাপত্তা সংকটে রয়েছে, যেখানে একদিকে ইসলামি জঙ্গি গোষ্ঠী, অন্যদিকে মুক্তিপণের জন্য অপহরণকারী সশস্ত্র চক্র সক্রিয় রয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে পার্শ্ববর্তী কাওরা স্টেটে আরেকটি ভয়াবহ হামলায় ১৬২ জন নিহত হন।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র সরকার নাইজেরিয়ায় খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুললেও হামলায় খ্রিস্টান ও মুসলিম—উভয় সম্প্রদায়ের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ অভিযোগের পর দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার হয়েছে। এর অংশ হিসেবে গত ডিসেম্বরে নাইজেরিয়ার ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মার্কিন হামলা চালানো হয় এবং দেশটিতে বর্তমানে মার্কিন সামরিক দলের উপস্থিতিও রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top