অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে তিনি বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি। পরে বিকেলে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করার কথা রয়েছে।
রাজনৈতিক জীবনে আমীর খসরু ১৯৯১ সালে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৫ মার্চ ২০০৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রয়েছেন।
ব্যবসায়িক অঙ্গনেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। শিক্ষাজীবন শেষে পারিবারিক ব্যবসায় যুক্ত হয়ে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সাবেক সভাপতি ও দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি ছিলেন তিনি।
এছাড়াও দক্ষিণ কোরিয়ার অনারারি কনসাল (চট্টগ্রাম), সোনালী ব্যাংক-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন উপদেষ্টা কমিটিতে দায়িত্ব পালন করেছেন তিনি।
উল্লেখ্য, বেসরকারি ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয় পেয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয় লাভ করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।