উপদেষ্টা পরিষদ থেকে মন্ত্রিসভায় ডাক পেলেন ড. খলিলুর রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২

ড. খলিলুর রহমান ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করেছেন। বাংলাদেশের জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বেলা পৌনে ১১টার পর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এরপর বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মন্ত্রিসভায় ড. খলিলুর রহমানকে দেখা যেতে পারে।

ড. খলিলুর রহমান, যিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন।

ড. খলিলুর রহমান ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের টাফটস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কূটনীতি এবং অর্থনীতিতে এমএ ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৮৩-৮৫ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তাকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি করা হয়। ১৯৯১ সালে জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (আঙ্কটাড) তিনি বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

২০২৪ সাল থেকে তিনি নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top