নিজেই মধ্যরাতে রাস্তায় নেমেছি, অপরাধীদের ছাড় নেই: আইজিপি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫
বাংলাদেশ পুলিশ-এর নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দায়িত্ব নেওয়ার দুই দিনের মাথায় নিজেই মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলে আইজিপি বলেন, নগরবাসীর নিরাপত্তায় তিনি নিজেই রাস্তায় নেমেছেন এবং অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষ ভীত। এ কারণে সন্ধ্যার পর বিশেষ ব্লক রেইড পরিচালনা করে ছিনতাইকারী ও মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় জীবনের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে আইজিপি জানান, ১৯৮৬ সালে এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে জেনেভা ক্যাম্প এলাকায় তিনিও ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। তার মতে, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরেই অপরাধপ্রবণ এলাকা, যেখানে নিম্ন আয়ের মানুষের বসবাসের পাশাপাশি ভাঙারি ও অবৈধ ব্যবসার বিস্তার রয়েছে।
রাজধানীতে ফুটপাত ও সড়ক দখল প্রসঙ্গে তিনি বলেন, এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অর্থনীতি ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ বাহিনীর সক্ষমতার বিষয়ে আইজিপি বলেন, দেশে প্রায় ২০ কোটি মানুষের বিপরীতে পুলিশের সদস্যসংখ্যা প্রায় ২ লাখ ২০ হাজার। আর ঢাকা শহরেই প্রায় ৪ কোটি মানুষের বসবাস। তাই নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি। পাশাপাশি ট্রাফিক বিভাগ পুনর্গঠনের কাজ চলছে বলেও জানান।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে তিনি নিজেও রাতে টহলে থাকার ঘোষণা দেন। তার ভাষ্য, তিনি রাস্তায় থাকলে সহকর্মীরাও আরও সক্রিয় থাকবে এবং আইন প্রয়োগে কঠোরতা বাড়বে।
আইজিপি বলেন, সাধারণ মানুষ পুলিশের পাশে রয়েছে এবং হোয়াইট-কলার অপরাধীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানবাধিকার লঙ্ঘন না করে প্রচলিত আইনের মধ্যেই শক্তি প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ও তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।