শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৪২

সংগৃহীত

রাজধানীর সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

বিষয়টি নিশ্চিত করেছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী। তিনি একটি গণমাধ্যমকে জানান, কিছু সময় আগে সাবেক প্রধান উপদেষ্টা ভবনটি ছেড়ে দিয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবহিত করেছেন। তার ব্যক্তিগত কিছু টুকিটাকি মালপত্রও সঙ্গে নিয়ে গেছেন।

জানা গেছে, ড. ইউনূসের প্রস্থানের পর ভবনটিতে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। সংস্কার কাজ শেষ হলে যমুনাকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের মধ্যেই ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জা, কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংস্কার শেষে ভবনটি প্রধানমন্ত্রীর জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা হবে।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ মুহূর্তে যমুনায় উঠবেন কিনা, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে তার নিজস্ব বাসভবনেই অবস্থান করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top