ঢাকা থেকে মধ্যপ্রাচ্য সংশ্লিষ্ট রুটে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৪৪
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণের খবরে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে চলমান হামলার কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে চলমান পরিস্থিতির কারণে বিমানের মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রিয়াদ, জেদ্দা, দাম্মামসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট আপাতত বন্ধ রয়েছে। বিকেল পর্যন্ত ইউএস-বাংলার মধ্যপ্রাচ্য রুটে চলাচলরত কোনো এয়ারক্রাফট আকাশে ছিল না; সবগুলো সংশ্লিষ্ট বিমানবন্দরে অবস্থান করছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।