পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রমের শেষ দিন আজ সোমবার (৯ মার্চ)। আজ বিক্রি করা হচ্ছে আগামী ১৯ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট।
রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়।
নিয়ম অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন। তবে অগ্রিম কেনা টিকিট ফেরত বা অর্থ ফেরতের কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এ ছাড়া নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ টিকিট দাঁড়িয়ে ভ্রমণের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এসব টিকিট যাত্রার দিন সংশ্লিষ্ট ট্রেনের শুরুর স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
গত ৩ মার্চ থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম আজ শেষ হচ্ছে। এর আগে পর্যায়ক্রমে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিভিন্ন দিনের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে।
তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে রেল ভবন সূত্রে জানা গেছে।
যাত্রীদের ভোগান্তি কমানো এবং টিকিট কালোবাজারি বন্ধে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। তবে সাধারণ যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে নির্দিষ্ট সংখ্যক দাঁড়িয়ে ভ্রমণের টিকিট রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।