রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

আজ আন্তর্জাতিক নারী দিবস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ০৯:১৯

ছবি: সংগৃহীত

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ ৮ মার্চ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দিবসটি ঘিরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন সংগঠন ও সংস্থা আলোচনা সভা, শোভাযাত্রা এবং ‘অদম্য নারী’ পুরস্কার প্রদানসহ বিশেষ কর্মসূচি পালন করছে।

এর মধ্যে অন্যতম কর্মসূচি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে বিশেষ অবদান রাখা নারীদের স্বীকৃতি প্রদান, নারী অধিকার, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশজুড়ে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ বছর বিশ্বব্যাপী ‘দিয়ে অর্জন’ নামে একটি প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে নারী অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

উল্লিখিত প্রতিপাদ্য সামনে রেখে জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন দপ্তর ও সংগঠনও দিবসটি পালনে আলাদা কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বে একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭৫ সালে জাতিসংঘ দিবসটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম থেকেই দিবসটির সূচনা।

১৮৫৭ সালে মজুরি বৈষম্য, নির্দিষ্ট কর্মঘণ্টা ও মানবিক কর্মপরিবেশের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের রাস্তায় বিক্ষোভে নামেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই আন্দোলনে সরকারি দমন-পীড়নের ঘটনাও ঘটে।

পরে ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে নারী সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক নারী আন্দোলনের নতুন ধারা শুরু হয়। পরবর্তীতে ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী সম্মেলনে প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব উত্থাপন করা হয়।

এরপর ১৯১১ সাল থেকে বিভিন্ন দেশে নারীদের সমঅধিকার দিবস হিসেবে দিনটি পালিত হতে শুরু করে। ১৯১৪ সাল থেকে কয়েকটি দেশে নিয়মিতভাবে ৮ মার্চ নারী দিবস পালিত হয়। বাংলাদেশেও স্বাধীনতার আগে থেকেই দিবসটি পালিত হয়ে আসছে।

১৯৭৫ সালে জাতিসংঘের স্বীকৃতির পর থেকে বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে। প্রতি বছরই একটি নির্দিষ্ট প্রতিপাদ্য নিয়ে দিনটি পালন করা হয়। এবারও বিশ্বব্যাপী যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top