রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৭:০১

ছবি: সংগৃহীত

দীর্ঘমেয়াদে দেশে জ্বালানির সংকট এড়াতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে। এ বিষয়ে দেশের সব ফিলিং স্টেশনকে লিখিত নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার রাজধানীর পরীবাগ এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ও দামের ওপর চাপ তৈরি হয়েছে। সাম্প্রতিক সংঘাতের প্রভাবে তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে।

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে ইতোমধ্যে তেল সংগ্রহ করতে ভিড় বাড়তে দেখা গেছে। অনেক স্থানে লাইনে দাঁড়ানো নিয়ে তর্কবিতর্ক এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে। পাশাপাশি অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল মজুদ করার চেষ্টা করছেন।

এ অবস্থায় সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। অযথা মজুদ না করে যার যতটুকু প্রয়োজন, শুধু ততটুকুই নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সেই চাপ সামাল দিতে ভবিষ্যতে দেশে তেলের দাম সমন্বয়ের প্রয়োজন হতে পারে। তবে যতটা সম্ভব দাম না বাড়ানোর চেষ্টা করবে সরকার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top