বাংলাদেশে ঈদ কবে, যা জানা গেল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৪:৪০
পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা নির্ধারণে আগামী ১৯ মার্চ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওইদিন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বৈঠকটি। সভা শেষে চাঁদ দেখার ভিত্তিতে ঈদের তারিখ সম্পর্কে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
এদিকে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, আগামী ২০ মার্চ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, ১৮ মার্চ আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের উদয় হবে এবং ওই দিন সূর্যাস্তের পর স্বল্প সময়ের জন্য দিগন্তের ওপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ২০ মার্চ থেকে শাওয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি।
জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের এসব হিসাবের ভিত্তিতে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ এবার একই দিনে ঈদ উদযাপনের বিষয়ে একমত হতে পারে।
তবে ধর্মীয় বিধান অনুযায়ী প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটিই ঈদের তারিখ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে। সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে যদি ২০ মার্চ ঈদ উদযাপিত হয়, তবে বাংলাদেশে ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্য ঈদের তারিখ ধরে ২১ মার্চ সরকারি ছুটির দিন নির্ধারণ করে ক্যালেন্ডার প্রস্তুত করেছে। জ্যোতির্বিজ্ঞানীদের সাম্প্রতিক পূর্বাভাসও সেই সম্ভাবনার সঙ্গেই মিল পাচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।