বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার সান ওয়েইডং

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৩:৩১

ছবি: সংগৃহীত

দুদিনের সফরে আগামী ২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং। নতুন সরকার গঠনের পর চীন থেকে বাংলাদেশে এটি হবে বেইজিংয়ের প্রথম উচ্চপর্যায়ের সফর।

মূলত ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও চীনের ১৪তম পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে তিনি ঢাকা সফরে আসছেন। বৈঠকে চীনের পক্ষে নেতৃত্ব দেবেন সান ওয়েইডং এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় সান ওয়েইডংয়ের আসন্ন ঢাকা সফর নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা করা হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর নতুন উপায় খুঁজে বের করার সুযোগ তৈরি হবে।

ঢাকা সফরকালে সান ওয়েইডং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে।

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের দীর্ঘদিনের সমর্থন ও অবদানের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন, নতুন সরকার গঠনের পর এই সফর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top