ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০৯:১৫

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার শুরু হয়েছে ঈদ শেষে কর্মস্থলে ফেরার ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বিক্রি করা হচ্ছে আগামী ২৩ মার্চের ট্রেনযাত্রার আসনের টিকিট।

বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাচ্ছে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

এ ছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনযাত্রার টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকবে। তবে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top