৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে: শিক্ষামন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১৪:৩০
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার মানোন্নয়ন এবং চারিত্রিক অবক্ষয় রোধে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান।
তিনি বলেন, এই নিয়োগ কোনো একটি ধর্মের জন্য সীমাবদ্ধ থাকবে না। বরং সব ধর্মের শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনায় রয়েছে।
বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সময়ে নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। সেই প্রয়োজনীয়তা থেকেই ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইংরেজি মাধ্যমে পরিচালিত বিদ্যালয়গুলোকে সুনির্দিষ্ট নিয়মের আওতায় আনতে ইতিমধ্যে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ৫৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিবর্তে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়নে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে উচ্চশিক্ষার প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে নতুন সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি বেতনভুক্তির আওতায় আনার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দেন মন্ত্রী। তিনি বলেন, সরকার শিগগিরই নতুন করে আবেদন আহ্বান করবে। তবে আগে জমা পড়া আবেদনগুলো বাতিল করা হবে না; বরং স্বচ্ছতা নিশ্চিত করতে সেগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। রোববার থেকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের কার্যক্রম শুরু হবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির দিকনির্দেশনামূলক ভাষণের ওপর আজ থেকেই সংসদ সদস্যরা তাদের বক্তব্য উপস্থাপন করছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।