পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৪:৪৩
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ পদত্যাগ করেছেন। সোমবার সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, বর্তমান শারীরিক অবস্থার কারণে কমিশনের প্রশাসনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
চিঠিতে তিনি শারীরিক ও মানবিক দিক বিবেচনায় দ্রুত চেয়ারম্যানের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলছে। বিষয়টি পর্যালোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার ছয় মাসেরও কম সময়ের মধ্যে অসুস্থতার কারণে তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হলো।
ড. এসএমএ ফায়েজ ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে শিক্ষকতা জীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভাগীয় চেয়ারম্যান ও অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ষষ্ঠ চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।