মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০৯:১৪

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এবার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

স্বাভাবিক নিয়ম অনুযায়ী ১৭ মার্চ পবিত্র শবে কদরের সরকারি ছুটি রয়েছে। এছাড়া ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ঈদের ছুটি নির্ধারিত ছিল। মাঝখানে ১৮ মার্চ একদিন অফিস খোলা থাকার কথা থাকলেও মন্ত্রিসভার বৈঠকে তা ছুটি হিসেবে অনুমোদন দেওয়া হয়।

পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

সরকারি ছুটির নির্ধারিত তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ—এই চার দিন নির্বাহী আদেশে ছুটি ছিল। এর ফলে আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত ছিল।

অতিরিক্তভাবে ১৮ মার্চ ছুটি ঘোষণার মাধ্যমে পুরো সময়টিকে সাত দিনের ছুটিতে পরিণত করা হয়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি উপভোগ করবেন।

ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান খুলবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top