ঈদ সামনে রেখে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে ম্যাজিস্ট্রেট
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৯:৩২
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছে সেনাবাহিনীর একটি দল। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে পরিদর্শনের সময় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মহিদুর রহমান উপস্থিত থেকে যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় যাত্রীরা টিকিট সংগ্রহের প্রক্রিয়া, প্লাটফর্মের শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীসেবার মান নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
ঈদকে কেন্দ্র করে ট্রেনে যাত্রীচাপ বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার চেষ্টা করেন। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পরিদর্শনকালে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি রেলওয়ে পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা স্টেশনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ উপলক্ষে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে স্টেশন এলাকায় নিরাপত্তা ও ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে। পাশাপাশি এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।