রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে পাবনায় যাচ্ছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৩:৩৪
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে নিজ জেলার পাবনায় যাচ্ছেন। সফরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারতের পাশাপাশি আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাবেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আগামী শনিবার (২৮ মার্চ) দুপুর ১টায় রাষ্ট্রপতি রওনা হবেন এবং পৌনে দুইটায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছাবেন। এরপর সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। এদিন বিশ্রামের পর, রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকার নিজ বাড়িতে গিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের শেষ দিন মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি।
এদিকে, রাষ্ট্রপতির আসন্ন পাবনা সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, বিভিন্ন সংস্থা এবং পাবনা প্রেস ক্লাবের প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।