বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

সারা দেশে ১৫ দিনের ঈদ উৎসবের ঘোষণা

হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে স্বস্তি, ঈদে নতুন করে শুরু নবীন ফ্যাশনের কার্যক্রম

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৪:৪২

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে শাখা বন্ধের ঘটনার পর আবারও কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে নবীন ফ্যাশন। বুধবার (২৫ মার্চ) প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মগবাজার শাখা ছাড়া দেশের অন্যান্য সব শাখায় টানা ১৫ দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করা হবে। এই সময় ক্রেতাদের জন্য থাকবে বিভিন্ন আকর্ষণীয় অফার ও বিশেষ আয়োজন।

মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে নবীন ফ্যাশন জানায়, এই পরিস্থিতির মধ্যেও অন্যান্য শাখাগুলো সচল রাখা সম্ভব হয়েছে হাসনাত আব্দুল্লাহ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতির উদ্যোগে। তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে চীনে অবস্থান করছেন। তিনি সেখান থেকে ফেসবুক লাইভে এসে ক্রেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানানো হয়েছে।

এর আগে, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচিত নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন দেশ ছাড়ার ঘোষণা দেন। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ছবি পোস্ট করে তিনি দেশত্যাগের বিষয়টি জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।’

এর আগে বিকেলে মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও তিনি একই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এনামুল হাসান নবীন অভিযোগ করেন, নির্ধারিত মূল্যের নিচে পণ্য বিক্রি না করতে চাপ দেওয়া হচ্ছে। তার দাবি, পাঞ্জাবি ৪ হাজার ৫০০ টাকা এবং পাজামা ১ হাজার ৫০০ টাকার নিচে বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়েছে, যা একটি সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের প্রচেষ্টা।

তিনি আরও অভিযোগ করেন, শোরুম বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সরাতে চাপ সৃষ্টি করা হচ্ছে।

তবে সব প্রতিকূলতার মধ্যেও নবীন ফ্যাশন তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, যা ঈদকে সামনে রেখে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top